রনির স্ত্রী দাবি করে এবার কাবিননামা প্রকাশ আফরোজের
সকালবেলা অনলাইন: নানা আলোচনা-সমালোচনার মধ্যে টক-শো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে নিজের বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমের কাছে তিনি এই নিকাহনামাটি তুলে ধরেন।
এ বিষয়ে ফারজানা আফরোজ জানান, ২০২২ সালের ১৩ মে চট্টগ্রাম গিয়ে সবার উপস্থিতিতে গোলাম মাওলা রনির সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয় এবং তাঁর শাশুড়িও দীর্ঘ ৬-৭ মাস তাঁদের সঙ্গেই ছিলেন। রনির সাম্প্রতিক অস্বীকারের বিষয়ে তিনি বলেন, রনি একজন ভালো মানুষ হলেও বর্তমানে পারিবারিক ও সামাজিক চাপে পড়ে বাধ্য হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
তবে কাবিননামাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে গোলাম মাওলা রনির সঙ্গে মুঠোফোন ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ওই নারীর ছবি যুক্ত করে তিনি দাবি করেন, ফারজানা তাঁর স্ত্রী নন; বরং তিনি সাতকানিয়ার এক জামায়াত নেতার সাবেক স্ত্রী এবং চট্টগ্রামের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘনিষ্ঠজন।
উল্লেখ্য, ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী অঙ্গসংগঠন ‘জাতীয় নারী শক্তি’র রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা