কিশোরগঞ্জে ‘আমার বাংলা সাংস্কৃতিক পরিষদে’র গুণীজন সম্মাননা অনুষ্ঠান
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): ‘সংস্কৃতির আলোয় এগিয়ে যাক বাংলা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ‘আমার বাংলা সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি তাঁর বক্তব্যে জানান, বাংলাদেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিআইবি অ্যাডভোকেট এ.এম ছাজ্জাদুল হক (সাজ্জাদ)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল।
আমার বাংলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাহবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন রুমা অঞ্জলী ও মোখলেছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ সম্মাননাপ্রাপ্ত অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্পেশাল গ্রেড শিল্পী এবং নজরুল সংগীত শিল্পী পরিষদ কিশোরগঞ্জের সভাপতি শিল্পী আবুল হাশেম।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে স্থানীয় শিল্পী ও অতিথিদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।
এআইএল/সকালবেলা