ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত
বিশেষ প্রতিনিধি: সরকারি সেবায় কোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করে বলেছেন, ভূমি অফিসে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় এমন মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে, যাতে সেবা নিয়ে মানুষের মনে কোনো প্রশ্ন বা ক্ষোভ না থাকে। বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থা দেশের সব জনগণের উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার একবিন্দুও সরে দাঁড়াবে না।
ভূমি খাতের অনিয়ম রোধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ভূমি অফিস অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে সরকার নির্ধারিত মূল্যে জনগণকে স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এআইএল/সকালবেলা