জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার দিনরাত কাজ করছে: ত্রাণমন্ত্রী
একটি ভঙ্গুর অর্থনীতির ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের সার্বিক কষ্ট লাঘবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের সাধারণ মানুষের কষ্টগুলো কীভাবে লাঘব করা যায়। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন স্থানে বহুমুখী উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।"
সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, "আমরা সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা তৈরি করার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড প্রবর্তন করছি। বর্তমান সরকার নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ব্যক্তিগত আয় বাড়ানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে।"
শিশু ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্কাউটিংয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "স্কাউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সমাজের তরুণ ও শিশুরা যদি শিশুকাল থেকেই স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে, তবে তাদের জীবন স্বাভাবিক ও আদর্শভাবে গড়ে উঠবে। এর মাধ্যমে তারা সমাজের সকল ধরনের অনিষম, বৈষম্য ও অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক এবং রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্কাউট নেতারা।