টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারে চলছে শোকের মাতম

প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারে চলছে শোকের মাতম

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তাঁর মৃত্যুর খবর পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিহতের লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নিহত তিতাস শেখের বাবার নাম আফজাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সেনাসদস্যের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (বাবুল) তালুকদার জানান, অত্যন্ত ভদ্র স্বভাবের তিতাস মাত্র কিছুদিন আগে বিয়ে করেছিলেন। কিন্তু নতুন সংসার শুরু করার আগেই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এমন আকস্মিক প্রয়াণ পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। উভয়পক্ষের তীব্র গোলাগুলির একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই সফল অভিযানে জিম্মি থাকা অবস্থায় ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা এই সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা