জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে: ইশরাক হোসেন

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করছে। তিনি অভিযোগ করেন, আগের তালিকায় রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদ পড়েছেন। এখন সেই তালিকা নতুন করে যাচাই-বাছাই করা হবে যাতে কেউ বঞ্চিত না হয়।

ইশরাক হোসেন আরও জোর দিয়ে বলেন, তালিকার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। যারা সত্যিকার অর্থে আন্দোলনে হতাহত হয়েছেন, তাদের সবাইকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অতি দ্রুত এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন