নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

সকালবেলা ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। এর অংশ হিসেবে নতুন করে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। পাশাপাশি পুনর্বণ্টন করা হচ্ছে বর্তমান দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হয়।

নতুন করে শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন— ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন দায়িত্ব বন্টন অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

এ ছাড়া দপ্তর রদবদলের তালিকায় রয়েছেন বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন সদস্য ও দায়িত্বপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন