নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১ জুন) দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে আজ দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহের প্রভাবে আজও গরম থাকবে, তবে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে। তিনি আরও জানান, ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।