রাষ্ট্রপতিকে ভুটান সফরের আমন্ত্রণ জানালেন রাজা জিগমে খেসার

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতিকে ভুটান সফরের আমন্ত্রণ জানালেন রাজা জিগমে খেসার
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিবারসহ ভুটান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। একই সাথে রাষ্ট্রপতিও ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই নেতা একে অপরকে এই আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। ভোরে বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে ভিভিআইপি লাউঞ্জে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। জবাবে রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাজপরিবার ও ভুটানের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনাকালে রাষ্ট্রপতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ও ভুটানের মধ্যে অত্যন্ত গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান সবসময়ই বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।” এ সময় তিনি ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ অনুরাগের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বৈঠকে ভুটানের রাজা দুই দেশের যৌথ সমৃদ্ধির ওপর জোর দিয়ে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান। এ ছাড়া তিনি তাঁর স্বপ্নের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের সক্রিয় অংশীদারত্ব কামনা করেন। রাষ্ট্রপতি উদ্যোগটির প্রশংসা করে জানান, আঞ্চলিক রূপান্তরমূলক ও টেকসই উন্নয়নমূলক পদক্ষেপে বাংলাদেশ ভুটানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মন্তব্য করুন