মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে খোলাসা করেছেন।

তিনি লিখেছেন, “মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল সংক্রান্ত নানা অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছু দিন আগে তিনি প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।”

শফিকুল আলম সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন, অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকুন।

শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া, যাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন