তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে নিজেদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, এমনটি হতে পারে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থার কথা জানিয়ে পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হবে আগামী বৃহস্পতি ও শুক্রবার।

এদিকে, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন