ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরবরাহ বাড়াতে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি
দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমতি দিয়েছে সরকার।
সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। রোববার রাতে গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সরকার থেকে সরকার ভিত্তিতে আমদানি করা হবে, যা বাজারে সরবরাহ বাড়াবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে।
তিনি আরও বলেন, প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে। এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং ভারসাম্য ফিরে আসবে।
সম্প্রতি দেশে এলপিজির সংকট দেখা দিলে ১০ জানুয়ারি বিপিসি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে আমদানি অনুমতির আবেদন করেছিল। চিঠিতে উল্লেখ করা হয়, দেশে এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটের সময় সরকারিভাবে হস্তক্ষেপের সুযোগ সীমিত। তাই সরবরাহ-ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলার জন্য কার্যকর হাতিয়ার সরকারের হাতে নেই। বিপিসির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ