কবিরহাটে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
কবিরহাটে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বহুল আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিশু সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মিশু। মামলাটিতে আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি জেলা যুবদলকে অবহিত করা হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মিশু দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন