জামালপুরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
জামালপুরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসের আশায় জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে কাউকে ফিরে যেতে হচ্ছে, আবার কেউ ছুটছেন বিকল্প যানবাহনের খোঁজে। হঠাৎ বাস বন্ধের ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকাগামী রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা।

গতকাল বুধবার রাত থেকে কর্মবিরতি পালন করছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল থেকে জামালপুর-ঢাকা রুটের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

জামালপুর পৌর শহরের পাথালিয়া ছাতার মোড় এলাকার নিপা আক্তার ও ঢাকাগামী যাত্রী মো. রফিকুল ইসলামসহ একাধিক ভোগান্তিতে পড়া যাত্রী জানান, আগাম কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় তাঁরা মারাত্মক বিপদে পড়েছেন। পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানিয়েছেন, বুধবার সকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর, চালক-সহকারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। এর জেরে বুধবার সকালে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে নান্দিনার স্থানীয় ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ করে এবং রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর করে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন