ইতিহাসে নজিরবিহীন, ট্রাফিক আইনে মন্ত্রীর গাড়িকে জরিমানা
অনলাইন ডেস্ক: উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল মন্ত্রীর ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয় এবং চালককে জানায় যে, এভাবে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনের চরম লঙ্ঘন। পরবর্তীতে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে দুটি মামলা দায়ের করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহর সচিবালয়ের দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রের মাধ্যমে জানা গেছে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, অতীতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলাচলের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে এলেও কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক মামলা হওয়ার ঘটনা দেশে এবারই প্রথম।
এআইএল/সকালবেলা