কালিয়াকৈরে নিষিদ্ধ আ: লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে নিষিদ্ধ আ: লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার প্রতিবাদে পৃথকভাবে প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও সফিপুর এলাকায় এসব প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান, পৌর যুবদলের সদস্য সচিব মো. আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

অপরদিকে, সফিপুর এলাকায় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা থেকেও একই প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়।

এর আগে বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ এলাকায় কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগানে একটি ঝটিকা মিছিল বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়, তবে তার আগেই অভিযুক্তরা কেটে পড়ে। সাবেক কাউন্সিলর খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন