ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমালোচনা করে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "একটি দলের লোকরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে আর চাঁদাবাজি চলবে না, এটি চিরতরে বন্ধ করা হবে।" শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, "অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করি, তবে বছরে একবার জনগণের কাছে সরকারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব দেব।" তিনি আরও বলেন, যারা গত ১৫-১৬ বছর দেশের মা-বোনদের অপমান করেছেন, তাদের ১৮ কোটি মানুষের কাছে প্রকাশ্যে মাফ চাওয়া উচিত।
সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে যাওয়ার জন্য বিগত ক্ষমতাধরদের দায়ী করে জামায়াত আমির বলেন, "বৈষম্যহীন দেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছে। কিন্তু অসৎ রাজনীতি সেই বৈষম্যকে এখনও ধরে রেখেছে। জামায়াত ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার যোগ্য স্থান পাবে।"
হবিগঞ্জের স্থানীয় উন্নয়নের বিষয়ে তিনি বিশেষ প্রতিশ্রুতি দিয়ে বলেন, জেলার চা বাগানগুলোকে আধুনিকীকরণ করা হবে যাতে চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং এই শিল্পটি বৈশ্বিক মানে পৌঁছাতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ