ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হলেও আজ তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।
নির্বাচন উপলক্ষে সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিয়ম অনুযায়ী সাধারণ ছুটি থাকছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও বিশেষ ছুটি নির্ধারণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দেশ কার্যত দীর্ঘ এক ছুটির আমেজে থাকছে।
টানা কয়েক দিনের ছুটির কারণে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে স্থবিরতা আসার সম্ভাবনা থাকলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তবে নিত্যপণ্যের বাজার ও জরুরি সেবার ক্ষেত্রে এই বন্ধের প্রভাব কতটুকু পড়বে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ