বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি থাকবে: ডিএমপি অতিরিক্ত কমিশনার

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি থাকবে: ডিএমপি অতিরিক্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মব’ পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। তবে কোনো ধরনের আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সব সময় প্রস্তুত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বইমেলা আমাদের জাতীয় চেতনার প্রতীক এবং বাঙালির প্রাণের উৎসব। এই মেলায় আগত লেখক, পাঠক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন। কোনো উসকানিমূলক কর্মকাণ্ড বা গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত মেলায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার গোয়েন্দা তথ্য নেই। তবুও জননিরাপত্তার স্বার্থে এবং দর্শনার্থীদের মনে আত্মবিশ্বাস জোগাতে পুলিশি প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হয়নি। মেলায় প্রবেশের প্রতিটি গেটে আর্চওয়ে ও তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে মেলায় ঘোরাফেরা করতে পারেন, সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা ও বিশেষ নিরাপত্তা দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন