ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজধানীর বাংলামোটরে ইনকিলাব মঞ্চের অবস্থানে পুলিশের বর্বরোচিত হামলা এবং সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছে দেশের সাধারণ আলেম সমাজ। এক বিবৃতিতে তারা এই পৈশাচিকতাকে 'জনগণের সার্বভৌমত্বের ওপর নগ্ন হামলা' হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন।
আলেম সমাজ তাদের বিবৃতিতে বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এখনো শুকায়নি, অথচ এর মধ্যেই পুলিশ বাহিনী তাদের পুরনো 'ফ্যাসিস্ট' ও 'জানোয়ারসুলভ' রূপে ফিরে এসেছে। গতকালকের ঘটনা প্রমাণ করেছে, পুলিশের মন-মগজে এখনো সেই গেস্টাপো মানসিকতা ও ফ্যাসিবাদের বিষদাঁত রয়ে গেছে।
বিবৃতিতে পুলিশের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলা হয়, পথচারীদের মোবাইল কেড়ে নিয়ে গ্যালারি চেক করা ব্যক্তিস্বাধীনতার চরম লঙ্ঘন। এছাড়া দায়িত্ব পালনরত সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলা, লাইভ চলাকালে বাধা দেওয়া এবং তাদের রাজপথে ল্যাং মেরে ফেলে দিয়ে লাঠিপেটা করা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের নামান্তর। মসজিদের ভেতরে ঢুকে মানুষকে মারধর করা এবং চলন্ত বাস থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে এনে পেটানো কোনো সুশৃঙ্খল বাহিনীর কাজ হতে পারে না; এটি সম্পূর্ণ অমানবিক ও জানোয়ারসুলভ আচরণ।
আলেম সমাজ বিশেষভাবে উল্লেখ করেছে, এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনির ওপর পুলিশের নিষ্ঠুর হামলার কারণে তাকে বর্তমানে আইসিইউতে (ICU) চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তারা পুলিশের কথিত উক্তি—'আয় হাদির লাশ নিয়ে যা' এবং 'ওদের সেডামেডা (হাড্ডি-মাংস) ভাইঙ্গা ফালাইছি'—এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের ভাষা প্রমাণ করে পুলিশ বাহিনীতে এখনো কিছু 'জল্লাদ' ও 'কসাই' ঘাপটি মেরে আছে। এই ভাষা কোনো পেশাদার বাহিনীর নয়, বরং পেশাদার সন্ত্রাসীদের ভাষা।
শহীদের রক্তের দাবি জানিয়ে আলেম সমাজ বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের ওপর জুলুম করা প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অধীনে পুলিশ কীভাবে এমন বেপরোয়া হওয়ার সাহস পেল, তার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বরখাস্ত এবং বাহিনী থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান তারা।
পরিশেষে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে নির্বাচন বলে এই জুলুমকে কোনোভাবেই 'ফ্রি পাস' দেওয়া যাবে না। ইনসাফের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এসব 'পুলিশি জানোয়ারদের' এখনই দমন করা না গেলে দেশ পুনরায় ফ্যাসিবাদী অন্ধকারের অতলে তলিয়ে যাবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ