ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ।
এরপর প্রধানমন্ত্রী তাঁর পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিন বাহিনীর প্রধানগণ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রীয় ও কূটনৈতিক ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে হাজারো মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মিনারে ভিড় জমান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ