ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, “ঢাকা–দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনগণকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভিসা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।” তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশ সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়।
হাইকমিশনার উল্লেখ করেন যে, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠান এবং টেলিফোনে আলাপ করেন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লার স্বশরীরে উপস্থিতি দুই দেশের সম্পর্কের এক অনন্য নজির বলে তিনি মন্তব্য করেন।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিসা জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের মানুষের যাতায়াত সহজতর করা এবং কানেক্টিভিটি প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। ভারতের এই ইতিবাচক মনোভাবকে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ