নির্ধারিত ভাড়ার চেয়েও কম নেওয়া হচ্ছে: সেতুমন্ত্র

নির্ধারিত ভাড়ার চেয়েও কম নেওয়া হচ্ছে: সেতুমন্ত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পর্যবেক্ষণ করতে আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, টার্মিনালের সব পরিবহন নির্ধারিত ভাড়ায় যাত্রী সেবা দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, "আমরা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেছি, সব বাস নির্ধারিত ভাড়াই নিচ্ছে। এমনকি কয়েকটি পরিবহন যাত্রীদের সুবিধার্থে ২০-৩০ টাকা কম ভাড়া রাখছে। বাসগুলোও যথাসময়ে টার্মিনাল ছেড়ে যাচ্ছে, ফলে এখন পর্যন্ত যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি আমাদের নজরে আসেনি।" সার্বিকভাবে এবারের ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যাত্রী নিরাপত্তা ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে শেখ রবিউল আলম জানান, টার্মিনালগুলোতে পর্যাপ্ত পুলিশ বুথ স্থাপন করা হয়েছে। যদি কোনো পরিবহন বাড়তি ভাড়ার দাবি করে এবং যাত্রীরা অভিযোগ দেন, তবে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা রাস্তায় বড় ধরনের যানজটের খবর আসেনি বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের সরবরাহ বিষয়ে মন্ত্রী নিশ্চিত করেন যে, গত ১৫ তারিখ রাত ১১টা থেকে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। ফলে গণপরিবহনে ফুয়েল বা জ্বালানি সংকটের কোনো অবকাশ নেই। যদি কোনো পরিবহন মালিক বা চালক জ্বালানি না পাওয়ার অজুহাত দেখান, তবে ভুক্তভোগীদের সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর নজরদারিতে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হবে।

এস.আর.এ/সকালবেলা

মন্তব্য করুন