সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা সম্পন্ন

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চাঁদপুর-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের জানাজা আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। তিনি আজীবন দেশ ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।’

এরপর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সচিব মিজ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজায় জাতীয় সংসদের বর্তমান সদস্যবৃন্দ, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি চাঁদপুরের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বি.নি/সকালবেলা

মন্তব্য করুন