ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত ‘মাগা’ এলিটরা

ট্রাম্প প্রশাসনের প্রথম বড় পদত্যাগের ঘটনায় রক্ষণশীল শিবিরে তীব্র বিতর্ক, কেন্টের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রভাবশালী নেতারা

ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত ‘মাগা’ এলিটরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট মঙ্গলবার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে এটি ট্রাম্প প্রশাসনে প্রথম কোনো বড় ধরনের পদত্যাগের ঘটনা, যা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা)’ জোটের প্রভাবশালী নীতিনির্ধারকদের মধ্যকার ফাটলকে প্রকাশ্যে এনেছে। মাত্র সাত মাস দায়িত্ব পালনের পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কেন্ট তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, বিবেক বিসর্জন দিয়ে তিনি ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধ শুরু করা হয়েছে।

কেন্টের এই পদত্যাগের পর ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ ব্যক্তি ও ইরান যুদ্ধের অন্যতম সমালোচক সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন তাৎক্ষণিকভাবে তার পক্ষে অবস্থান নিয়েছেন। তার সঙ্গে রাজনৈতিক ধারাভাষ্যকার টাকার কার্লসন এবং ক্যান্ডেস ওয়েন্সও যোগ দিয়েছেন। এক্সে টেইলর গ্রিন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন এখন কেন্ট সম্পর্কে মিথ্যা ছড়াবে এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা করবে। তিনি দেশবাসীকে এসব মিথ্যায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে কেন্টকে ১১টি যুদ্ধে অংশ নেওয়া একজন মহান আমেরিকান বীর ও গোল্ড স্টার হাসব্যান্ড (যুদ্ধে স্ত্রীকে হারানো স্বামী) হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের কট্টর অনুসারীরা এরই মধ্যে কেন্টকে আক্রমণ করতে শুরু করেছেন। ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ হোয়াইট হাউস সহকারী টেইলর বুডোউইচ কেন্টকে একজন ‘উন্মাদ অহংকারী’ আখ্যা দিয়ে বলেছেন, এটি কোনো নীতিগত পদত্যাগ নয়, বরং চাকরি হারানোর আগে সস্তা আলোচনায় আসার চেষ্টা মাত্র। মঙ্গলবার ট্রাম্প নিজেও কেন্টকে আক্রমণ করে মন্তব্য করেছেন, তিনি সবসময়ই ভেবেছেন কেন্ট নিরাপত্তার বিষয়ে দুর্বল এবং তার বেরিয়ে যাওয়াটাই যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও-এর বিশ্লেষণ অনুযায়ী, হোয়াইট হাউস আমেরিকান জনগণকে বোঝাতে চাইছে যে কেন্ট অযোগ্য এবং একজন তথ্য ফাঁসকারী ছিলেন। তারা দাবি করছে, কেন্টের এই অবস্থান মাগা জোটের উচ্চস্তরে কোনো অসন্তোষের প্রতিফলন নয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলমান যুদ্ধে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে কোনো বিভেদ নেই বলে হোয়াইট হাউস দাবি করলেও, বিশ্লেষকরা মনে করছেন কেন্টের পদত্যাগ প্রমাণ করে বাস্তবতা একেবারেই ভিন্ন এবং ‘অন্তহীন যুদ্ধের’ বিরোধিতায় খোদ রক্ষণশীল শিবিরেই বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন