ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বিচারপ্রধানের বিরল বৈঠক

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বিচারপ্রধানের বিরল বৈঠক

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ প্রধান বা সুপ্রিম লিডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত সশরীরে জনসমক্ষে না আসলেও, দেশটির শীর্ষ বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেইর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও বিরল বৈঠকে অংশ নিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের বরাতে জানা যায়, ইরানের বিচার বিভাগের নিজস্ব বার্তা সংস্থাসমূহ ও ‘মিজান অনলাইন’ এই উচ্চপর্যায়ের বৈঠকের সংবাদটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দেশের সাধারণ মানুষের অধিকার সুরক্ষা সুসংহত করা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূল করা এবং এ সংক্রান্ত বিদ্যমান বাধা কাটানোর ওপর বিশেষ জোর দিয়েছেন সর্বোচ্চ নেতা।

একই সঙ্গে সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে "আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের তাণ্ডবে সৃষ্ট আর্থিক ও নৈতিক ক্ষতির বিপরীতে আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়ায় ক্ষতিপূরণ আদায় এবং ইরানি জনগণের অধিকার পুনরুদ্ধারের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার" তাগিদ দেওয়া হয়। তবে এই বৈঠকটি ঠিক কবে, কোথায় কিংবা কীভাবে (সশরীরে নাকি ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আলোকচিত্র প্রকাশ করা হয়নি।

সর্বোচ্চ নেতার পদে আসীন হওয়ার পর থেকে আয়াতুল্লাহ মোজতবা খামেনি মূলত লিখিত বার্তা এবং হাতে লেখা চিঠির মাধ্যমেই তাঁর রাষ্ট্রীয় নির্দেশনা জারি করে যাচ্ছেন। আজ পর্যন্ত তাঁর কোনো ধারণকৃত ভিডিও বার্তা বা সরাসরি বক্তব্য মিডিয়ায় উন্মুক্ত না হওয়ায় তাঁর অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কিত নানাবিধ জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ইরানের শীর্ষ সশস্ত্র বাহিনী ও সামরিক আলোচনার খবর সমন্বয়ের উদ্দেশ্যে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও মোজতবা খামেনি একইভাবে বৈঠক করেছেন বলে জানা গিয়েছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনা এবং যুদ্ধের আবহের মধ্যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানদের সঙ্গে একের পর এক এসব বৈঠকের তথ্য সামনে আসা বিশেষ গুরুত্ব বহন করছে।

সকালবেলা / নুসরাত