জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: কেক কেটে আনন্দ-উৎসব নয়, বরং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া শিক্ষার উপহার আর সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা—এমনই এক ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন ছাত্রীর হাতে শুভ গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আরও ১ হাজার ৫০০ জন শিক্ষার্থীর হাতে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত স্মারক মগ প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামঞ্চলের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমানো, তাদের পড়ালেখায় আরও আগ্রহী করে তোলা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। তিনি বলেন, "আজকের এই ছাত্রীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, তা নিশ্চিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা সেবা ও বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের প্রদত্ত তথ্যমতে, গতকাল মোকামতলার সৈয়দপুর ইউনিয়নসহ দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবার আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার তিনি অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা কল্যাণমূলক কাজ পরিচালনা করছেন এবং পুরো আসনের সকল মানুষের চোখের সমস্যা দূর না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ সেবা চালু থাকবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তারা ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে নির্বাচনমুখী ধোঁকাবাজির রাজনীতি করে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষ, কৃষক ও ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক উন্নয়নে নানা কল্যাণমূলক সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্তসহ পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকালবেলা / নুসরাত