হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল চালুর সিদ্ধান্ত সৌদির

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল  চালুর সিদ্ধান্ত সৌদির

অনলাইন ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের ধারাবাহিক সামরিক হামলার হুমকি ও উচ্চ মাত্রার নিরাপত্তা সতর্কতার মাঝেই দেশি-বিদেশি যাত্রীদের সুবিধার্থে রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর 'কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর'-এর ১ ও ২ নম্বর টার্মিনাল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানানো হয়েছে, আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) থেকে রিয়াদ বিমানবন্দরের পুনর্গঠিত ১ নম্বর টার্মিনালটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনালটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের পরিচালনা কার্যক্রমে উন্মুক্ত রাখা হচ্ছে।

আঞ্চলিক যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে যেকোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরে আসার পূর্বেই সব যাত্রীকে নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ করে টিকিটের বুকিং, সময়সূচি ও ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করে নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র সামরিক প্রধান প্রধান ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বার্তায় দাবি করেন, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, নাজরান বিমানবন্দর, খামিস মুশাইত এয়ারবেস এবং তেল জায়ান্ট আরামকোর একাধিক তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে সমন্বিত হামলা চালিয়েছে। হুতিদের পক্ষ থেকে বিশেষভাবে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে আখ্যা দিয়ে বৈশ্বিক এয়ারলাইন্স ও সাধারণ যাত্রীদের এই বিমানবন্দর ব্যবহার থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

হুতিদের এই সরাসরি হুমকি ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের জাতীয় পতাকাবাহী সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ এবং ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’ সৌদি আরবগামী তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট ও ফ্লাইট স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম এবং ৩১ অক্টোবর পর্যন্ত জেদ্দাগামী তাদের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকবে। তবে এর ফলে ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া যাত্রীদের বিনা খরচে টিকিটের সময় পরিবর্তনের সুযোগ অথবা টিকিটের পুরো অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

সকালবেলা / নুসরাত