মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

সকালবেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়ে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, নাবিলা পেয়েছেন ৫৭ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডার্বি হিলস পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

বিজয় নিশ্চিত হওয়ার পর দেওয়া বক্তব্যে নাবিলা সৈয়দ বলেন, তাঁর প্রচার দল ও স্বেচ্ছাসেবকেরা মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কেবল নির্বাচনে জয় লাভই লক্ষ্য ছিল না; বরং সহমর্মিতা ও মানুষের প্রতি সহানুভূতির ভিত্তিতে পুরো প্রচার পরিচালিত হয়েছে।

ইলিনয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলির এই আসনের নির্বাচন ছিল অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল। রিফর্ম ফর ইলিনয়ের তথ্য অনুযায়ী, দুই প্রার্থীর নির্বাচনী প্রচারে সম্মিলিতভাবে ব্যয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। এর মধ্যে নাবিলা বিভিন্ন ডেমোক্রেটিক তহবিল ও শ্রমিক সংগঠন থেকে অন্তত ৪৭ লাখ ডলার অনুদান পান। বিপরীতে ডার্বি হিলসের ব্যয়ের পরিমাণ ছিল ১৮ লাখ ডলার।

রাজনৈতিক জীবনে নাবিলা ২০২১ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে স্নাতক শেষ করেন। একই বছর তিনি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্ট থেকে সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। ইলিনয়ের আইনসভায় নির্বাচিত সবচেয়ে কম বয়সী নারী ও সর্বকনিষ্ঠ মুসলিম সদস্য হিসেবে তিনি ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো ও সর্বজনীন স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন নাবিলা। প্রচারকালে তাঁকে বর্ণবাদী ও মুসলিমবিরোধী বিদ্বেষের মুখোমুখি হতে হয়েছিল উল্লেখ করে নাবিলা বলেন, নিজ জন্মস্থানে বেড়ে উঠলেও নানা হুমকিমূলক মন্তব্যের কারণে তাঁকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছেন।

এআইএল/সকালবেলা