দিঘীনালায় দুই শিক্ষক দিয়ে চলছে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
দিঘীনালায় দুই শিক্ষক দিয়ে চলছে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

রূপম চাকমা (দীঘিনালা): খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে মারাত্মক শিক্ষক সংকট দেখা দিয়েছে। মাত্র দুজন সহকারী শিক্ষক এবং একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে পাঁচটি শ্রেণির প্রায় ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদান। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে কথা বললে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপূর্ব বড়ুয়া জানায়, শিক্ষক সংকটের কারণে তাদের নিয়মিত পাঠদান সম্পন্ন হচ্ছে না। সে অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

অভিভাবক লিপি দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করিয়েও তাঁরা মানসম্মত শিক্ষা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ না করা হলে অভিভাবকদের পক্ষ থেকে ক্লাস বর্জনের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ জানান, এই প্রতিষ্ঠানে মোট শিক্ষক পদ রয়েছে ২১টি, অথচ বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন সহকারী শিক্ষক। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে নিয়মিত ক্লাস নিতে হচ্ছে। এত কম শিক্ষক নিয়ে ৪৮০ জন শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র শিকদার জানান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ইতিবাচক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এআইএল/সকালবেলা