মীরসরাইয়ে অস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ গ্রেপ্তার ১
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রকেট প্যারাসুট ফ্লেয়ার ও ধারালো অস্ত্রসহ নওশেদ আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরকসদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে ডোমখালী এলাকার রওশন জামান মিস্ত্রি বাড়ির সামনে অভিযান পরিচালনা করে নওশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি স্টিলের কিরিচ ও তিনটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এলজিটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নওশেদ আলম ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
এ বিষয়ে মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এআইএল/সকালবেলা