খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সকালবেলা প্রতিবেদক: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, কিন্তু তাঁর কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শৈশব ও রাজপথের দীর্ঘদিনের রাজনৈতিক দিনের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, “আমরা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলাম—আমি শাহজাহানপুরের, আর খোকা গোপীবাগের। কখন যে একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে গেলাম, বুঝতেই পারিনি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা—সবখানেই আমরা একসঙ্গে ছিলাম। হাতে হাত রেখে এতগুলো বছর কীভাবে পার হয়ে গেল, আর আমাদের বয়স কীভাবে বেড়ে গেল, তা আজ ভাবতে কষ্ট হয়।”

প্রয়াত নেতার সঙ্গে তাঁর গভীর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “খোকা এবং আমার জীবনের নানা ঘটনা নিয়ে যদি লিখতে বসি, তবে আস্ত একটি বই হয়ে যাবে। রাজনীতিতে আমাদের মতপার্থক্য কিংবা ঝগড়াও হতো, কিন্তু দিনশেষে আমরা বিএনপির আদর্শ ও মানুষের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করেছি। আজ সে আমাদের মাঝে নেই, সে থাকলে হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও অনেক ভালো কিছু হতে পারত।”

প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা আব্বাস জানান, সাদেক হোসেন খোকাকে স্মরণ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে একটি স্মরণসভার আয়োজন করা হবে, যেখানে তাঁর রাজনৈতিক অবদান ও বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি গোপীবাগসহ দেশবাসীকে সাদেক হোসেন খোকার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান।

স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খোকার সন্তান ইশরাক হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা