একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সকালবেলা প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার উন্নয়নে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’ সহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৮৯ কোটি টাকা।

অনুমোদিত ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, বিদেশি ঋণ ৭ হাজার ৯৭৫ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি টাকা।

বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের চড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১১টি সম্পূর্ণ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি জানান, সমাপনী পর্যালোচনা শেষে ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলোকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা