বিশ্বজুড়ে শুরু হলো ‘দ্য ওডিসি’র রাজত্ব

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
বিশ্বজুড়ে শুরু হলো ‘দ্য ওডিসি’র রাজত্ব

বিনোদন প্রতিবেদক: হলিউডের মাস্টারমাইন্ড ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই বিশ্বব্যাপী রুপালি পর্দার দর্শকদের জন্য এক আলাদা শিহরণ ও উন্মাদনা। ব্যতিক্রমী গল্প বলার ঢং, প্রযুক্তির নিখুঁত ব্যবহার এবং দুর্দান্ত সব ভিজ্যুয়াল ভিজ্যুয়ালাইজেশনের জন্য খ্যাত এই নির্মাতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ (The Odyssey) আজ বিশ্বজুড়ে একযোগে মুক্তি পেয়েছে।

সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির প্রথম দিনেই—আজ শুক্রবার (১৭ জুলাই) থেকে বাংলাদেশের সাধারণ দর্শকরা ঢাকার বসুন্ধরা সিটি ও অন্যান্য শাখার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করার অনন্য সুযোগ পাচ্ছেন।

মহাকাব্য থেকে সেলুলয়েডের ক্যানভাস:  আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে রচিত বিখ্যাত গ্রিক কবি হোমারের কালজয়ী কাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে সিনেমাটির মহাকাব্যিক ক্যানভাস তৈরি করা হয়েছে। ট্রোজান যুদ্ধে দীর্ঘ ১০ বছর যুদ্ধ করার পর গ্রিক বীর ‘ওডিসিউস’-এর নিজ জন্মভূমি ও রাজ্য ‘ইথাকা’-তে ফিরে আসার রোমাঞ্চকর সংগ্রামই চলচ্চিত্রটির মূল গল্পকথা। প্রকৃতির দানবীয় রূপ, অতিপ্রাকৃতিক শক্তির ছায়া, দেব-দেবীর অভিশাপ ও অজানা নানা দ্বীপ পাড়ি দিয়ে প্রায় ২০ বছর পর ঘরে ফেরার এই মানবীয় লড়াইকে বড় পর্দায় তুলে এনেছেন নোলান।

তারকাখচিত অভিনয়শিল্পী: চলচ্চিত্রটির নামভূমিকায় (ওডিসিউস) দুর্দান্ত অভিনয় করেছেন হলিউড তারকা ম্যাট ডেমন। তাঁর সন্তান ‘টেলিমাকাস’-এর চরিত্রে রয়েছেন স্পাইডারম্যানখ্যাত টম হল্যান্ড এবং স্ত্রী ‘পেনেলোপে’র চরিত্রে অভিনয় করেছেন অ্যাকাডেমি পুরস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালের মতো নামী তারকাদের।

চিত্রনাট্য ও বাস্তবসম্মত শুটিংয়ের নজির: ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘ওপেনহাইমার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া নোলান এবারও শুটিং স্পট ও সেট তৈরিতে ছাড় দেননি। সিনেমাটির দৃশ্যধারণের জন্য তারা মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডের বাস্তব লোকেশনে শুট করেছেন।

ওডিসিউসের চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন এক সাক্ষাৎকারে ট্রয় নগরীর পতনের দৃশ্য শুটের স্মৃতিকথা শেয়ার করে বলেন,

“চারদিকে ঘরবাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছিল, হাজারো অতিরিক্ত অভিনয়শিল্পী যুদ্ধ করছিলেন। এত বড় বাজেটের প্রজেক্ট আমি কমই দেখেছি! পরে জানলাম, বিশাল এই আয়োজন স্রেফ সিনেমার ভেতরের একটা ফ্ল্যাশব্যাক দৃশ্যের জন্যই নির্মিত হয়েছিল!”

আইম্যাক্স প্রযুক্তির অভিনব ব্যবহার: কারিগরি ও প্রযুক্তিগত দিক বিবেচনায় ‘দ্য ওডিসি’ নোলানের চলচ্চিত্র যাত্রায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে। কারণ এটিই তাঁর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যেটি সম্পূর্ণরূপে আইম্যাক্স (IMAX) ক্যামেরায় ধারণ করা হয়েছে

নিজের সিনেমা সম্পর্কে নোলান স্পষ্ট ভাষায় বলেন,

“আমার পুরো ক্যারিয়ারে 'দ্য ওডিসি'-ই হলো সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। হোমারের সেই কালজয়ী মহাকাব্যকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।”

স্টার সিনেপ্লেক্সে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে প্রবল আগ্রহের জোয়ার দেখা গেছে।

মন্তব্য করুন