৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক শফিক
নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. তাছবীর হোসেন সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৬ আগস্ট অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেল সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটিতে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁঞা যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন—মিস. মলিহা খানম (মহিলা বিষয়ক সম্পাদক), মোহাম্মদ সালেক মুহিদ (আইসিটি বিষয়ক সম্পাদক), ইমামুল হাফিজ নাদিম (উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক), নিরুপম মজুমদার (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো. সবুজ হাসান (সহ-কোষাধ্যক্ষ) এবং জিমরান মোহাম্মদ সায়েক (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক)।
সাধারণ সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, সদস্যদের সার্বিক কল্যাণ সাধন এবং দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে পেশাগত স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।