অংশুর ‘লিম্বো’ সিনেমায় যুক্ত হলেন ‘লাপাতা লেডিস’ খ্যাত বিপ্লব গোস্বামী

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
অংশুর ‘লিম্বো’ সিনেমায় যুক্ত হলেন ‘লাপাতা লেডিস’ খ্যাত বিপ্লব গোস্বামী
‘লিম্বো’র জন্য হাত মেলালেন নির্মাতা তানিম রহমান অংশু ও বলিউডের জনপ্রিয় লেখক বিপ্লব গোস্বামী।

নিজস্ব প্রতিবেদক: ন ডরাই' নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তানিম রহমান অংশু দীর্ঘ বিরতি কাটিয়ে ফের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন। কসমিক রোমান্স ও স্পেস ড্রামা নির্ভর তাঁর নতুন ছবি 'লিম্বো'র ঘোষণা এসেছিল আগেই। এবার সিনেমাটির পেছনের মূল কারিগর হিসেবে এক বড় আন্তর্জাতিক চমকের কথা প্রকাশ করলেন এই পরিচালক। আলোচিত হিন্দি সিনেমা 'লাপাতা লেডিস'-এর প্রখ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী যুক্ত হয়েছেন এই প্রজেক্টের সাথে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নির্মাতা জানান, সিনেমার ভিজ্যুয়াল কিংবা আবহ সঙ্গীত যতই আকর্ষণীয় হোক না কেন, মজবুত ভিত্তি ছাড়া সিনেমা জমানো সম্ভব নয়। 'ন ডরাই' তৈরির ক্ষেত্রেও গল্পে জোর দেওয়া হয়েছিল এবং দায়িত্বটি সামলেছিলেন শ্যামল সেনগুপ্ত। আর 'লিম্বো' সিনেমার বিশাল ক্যানভাস ফুটিয়ে তোলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলিউডের প্রশংসিত সিনেমা 'লাপাতা লেডিস'-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ওপর।

তিনি একটি গণমাধ্যমকে বলেন, "বিগত কয়েক বছর ধরে কয়েকটি সিনেমার পরিকল্পনা করলেও এমন কিছু খুঁজছিলাম যা একদম নতুন ধারার সৃষ্টি করবে। বাংলাদেশে এ ধরনের পটভূমিতে কাজ আগে কখনও হয়নি। একটি চ্যালেঞ্জিং কাজ করতে চাওয়া থেকেই এই আন্তর্জাতিক ধাঁচের স্পেস ড্রামা বেছে নেওয়া।"

সিনেমার নির্মাণ ভাবনা তুলে ধরে অংশু গণমাধ্যমকে জানান, বিশ্বমানের এই প্রজেক্টটির দৃশ্যধারণের জন্য তিনটি ভিন্ন দেশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে বাণিজ্যিক শুভমুক্তির আগেই আন্তর্জাতিক নানা মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

অভিনব এই সাইন্স-ফিকশন ড্রামার শুটিং ও কারিগরি কাজ শেষ করে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন