চুনারুঘাটে কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পরিবহনের সময় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি ডাম্প ট্রাকও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার চণ্ডীছড়া চা-বাগান এলাকায় এ অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ পণ্যের একটি চালান বহনের গোপন সংবাদ পায় ৫৫ বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চণ্ডীছড়া চা-বাগান এলাকায় বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
ভোররাতে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকে থাকা বালুর নিচে বিশেষ কৌশলে লুকানো বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় পণ্য ও ডাম্প ট্রাকটির আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান ও সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় অধিবাসীদের সহযোগিতার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
এআইএল/সকালবেলা
|