কুলাউড়ায় অবৈধ পার্কিংয়ে ৭টি সিএনজি জব্দ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করার পাশাপাশি একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানসূত্রে জানা গেছে, বাজারে যত্রতত্র সিএনজি পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় হস্তান্তর করা হয়। পাশাপাশি আদেশে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় আইন অমান্য করার দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌর বাজারে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত ভয়াবহ যানজট ও পথচারীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ পার্কিং বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট জানান।
এদিকে প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতা ও স্থানীয় পথচারীরা। নিয়মিত অভিযানের পাশাপাশি সিএনজি অটোরিকশার জন্য সুনির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ করে দেওয়ার জোরালো দাবি জানান তাঁরা।
এআইএল/সকালবেলা
|