লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার অফিশিয়াল পোস্টার।

বিনোদন প্রতিবেদক: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করে চলেছে রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর কানাডার ঐতিহ্যবাহী টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্থান করে নিয়েছিল সিনেমাটি।

এবার সেই বৈশ্বিক অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরেক ঝলমলে পালক। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে আনুষ্ঠানিকভাবে স্থান করে নিয়েছে বাংলাদেশের এই চলচ্চিত্রটি।

কেবল প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়, ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম সেরা সম্মাননা ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মূল প্রতিযোগিতাতেও সরাসরি লড়াই করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি নিশ্চিত করেছে, এবারের এই মূল ক্যাটাগরিতে বিশ্বের মোট ১০টি নির্বাচিত চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছে এটি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিশ্বখ্যাত জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

পরপর তিন আন্তর্জাতিক উৎসবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়ে বৈশ্বিক অঙ্গনে লাল-সবুজের প্রতিনিধি হয়ে ওঠা নিয়ে সিনেমাটিকে ঘিরে চলচ্চিত্র বোদ্ধাদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পরিচালক রুবাইয়াত হোসেন সিনেমাটি সম্পর্কে জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মূলত একটি রহস্যঘেরা মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমা। ঢাকার পুরোনো ঐতিহ্যের স্মৃতিবিজড়িত 'মেফেয়ার বিউটি পার্লার'-এর প্রেক্ষাপটে গল্পটির শাখা-প্রশাখা বিস্তার করেছে। লোকমুখে প্রচলিত যে, কোনো এক সময়ে সেই পার্লারে কনে সাজতে এসে এক তরুণী রহস্যজনক মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সিনেমার প্লটে এক নবীন তরুণী বিয়ের প্রস্তুতি নিতে সেই পার্লারে উপস্থিত হওয়ার পরপরই নানা রূপ অদেখা ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে শুরু করে। রহস্য, সাইকোলজি এবং অলৌকিক উপাদানের মিশেলে ধীরে ধীরে উন্মোচিত হয় এক অজানা জগতের সমীকরণ।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটছে নবীন অভিনেত্রী জাইনীন করিমের। এ ছাড়া এতে অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেশের তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য চরিত্রগুলোতে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীকে।

বাংলাদেশি প্রযোজক রুবাইয়াত হোসেনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেদ্রো বোর্গস এবং নরওয়ের ইনগার্ড লিল হটন।