এফডিসিতে কিংবদন্তি অভিনেতা জাভেদকে শেষ শ্রদ্ধা ও জানাজা সম্পন্ন

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
এফডিসিতে কিংবদন্তি অভিনেতা জাভেদকে শেষ শ্রদ্ধা ও জানাজা সম্পন্ন
এফডিসিতে কিংবদন্তি অভিনেতা জাভেদকে শেষ শ্রদ্ধা ও জানাজা সম্পন্ন

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে এসেছিলেন তাঁর সহশিল্পীরা। ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। সেখানেই বাদ আসর জাভেদের জানাজা অনুষ্ঠিত হয়।

নায়ক জাভেদকে শ্রদ্ধা জানাতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী দিলারা ইয়াসমিন, রুমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক আজিজ রেজা, ইউসুফ খানসহ আরও অনেকে। এফডিসিতে প্রথম জানাজা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরার ১২ নম্বর সেক্টরের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব তাঁকে দাফন করা হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া তাঁর হার্টের সমস্যাও ছিল। এর আগে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তাঁর আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর এই নায়কের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী শাবানা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন