সবজির বাজারে আগুন: বেশিরভাগের দাম ১০০ টাকার ঘরে

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
সবজির বাজারে আগুন: বেশিরভাগের দাম ১০০ টাকার ঘরে

কয়েক দিনের টানা বৃষ্টি, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ার অজুহাতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির কেজি এখন ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারের এই চড়া ভাবে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। আজকের বাজারে সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। প্রতি কেজি কাঁকরোল ও দেশি শসা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া জাতভেদে বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত ঠেকেছে।

রাজধানীর রামপুরা ও মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ঝিঙা, চিচিঙ্গা, হাইব্রিড শসা ও ধুন্দলের দাম কেজিপ্রতি ১০০ টাকা। লতাজাতীয় সবজির মধ্যে লাউ প্রতি পিস ৭০ টাকা এবং জালি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৬০ টাকা এবং পেঁপে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে সাধারণ সবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, বাজারে এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন বাজেটকে ওলটপালট করে দিচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে অনেক সবজি খেতেই নষ্ট হয়ে গেছে, যার ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অনেক কম। এছাড়া জ্বালানি তেলের কারণে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই সবজি চড়া দামে কিনতে হচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, দাম বাড়ার কারণে সাধারণ মানুষ এখন সবজি কেনা কমিয়ে দিয়েছেন। আগে যারা এক কেজি কিনতেন, তারা এখন আধা কেজি বা তারও কম কিনছেন। এর ফলে ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে এবং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে নতুন মৌসুমের সবজি বাজারে এলে এবং সরবরাহ বৃদ্ধি পেলে দাম আবারও কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন