সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নির্মাণে নিষেধাজ্ঞা

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নির্মাণে নিষেধাজ্ঞা
সরকার

দেশের সরকারি হাসপাতালগুলোর চারপাশে যত্রতত্র গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়, ওই নির্দিষ্ট সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নেওয়া সুনির্দিষ্ট সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্তটি দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য গতকাল সংশ্লিষ্ট বিভাগ, জেলা সিভিল সার্জন এবং অন্যান্য প্রয়োজনীয় কর্তৃপক্ষকে এ সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের আশেপাশে ও সামনে গড়ে উঠেছে শত শত বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে, একটি অসাধু দালাল চক্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরিব ও সাধারণ রোগীদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এসব বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় এবং সর্বস্বান্ত করে। এছাড়া অনেক সরকারি চিকিৎসক হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টা শেষ করে বা কর্মঘণ্টার ফাঁকে এসব আশপাশের ক্লিনিকে ব্যক্তিগত প্র্যাকটিস ও অপারেশন চালিয়ে থাকেন, যা চিকিৎসাসেবার সামগ্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা দূর করতে এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতেই সরকারের এই যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন