আসছে তামান্নার বনবাস
ভারতের নিজস্ব লোককথা, অতিপ্রাকৃত ঘটনা এবং বিহারের এক রহস্যঘেরা জঙ্গলকে কেন্দ্র করে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার প্রকাশ উপলক্ষে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুপ সোনি, মণীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার, পরিচালক দীপক কুমার মিশ্র এবং জনপ্রিয় প্রযোজক একতা কাপুর।
‘দ্য বন’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়াকে একটি দম্পতির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির প্রচারে গিয়ে তামান্না শেয়ার করেছেন শুটিংয়ের এক অদ্ভুত ও আবেগঘন অভিজ্ঞতা। ছবির একটি ছটপূজার গানের দৃশ্যের শুটিংয়ের সময় নদীর পানিতে দাঁড়িয়ে যখন তিনি সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছিলেন, তখন অজান্তেই তাঁর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কেন এমন হয়েছিল, সে বিষয়ে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি মুম্বাইয়ের জুহু বিচে ছটপূজার উৎসব দেখে বড় হয়েছেন। তবে এই পূজার অন্তর্নিহিত বিশ্বাস, গভীর আবেগ এবং আত্মনিবেদনের তীব্রতা আগে এভাবে অনুভব করার সুযোগ তাঁর হয়নি। শুটিংয়ের সেই মুহূর্তে পূজার আবহ তাঁকে গভীরভাবে আবেগপ্রবণ করে তুলেছিল।
ভিন্ন ধরনের চিত্রনাট্য ও নতুন ঘরানার গল্পে কাজ করার আগ্রহ থেকেই এই ছবিতে যুক্ত হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। অনুষ্ঠান তিনি বলেন, “বন একেবারেই নতুন ও অন্যরকম এক জগৎ তৈরি করেছে। তাই প্রস্তাব পাওয়ার পর হ্যাঁ বলতে খুব বেশি ভাবতে হয়নি। এই ছবির মৌলিকত্বের সম্পূর্ণ কৃতিত্ব প্রযোজনা সংস্থা ‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ)-এর।” একতা কাপুরের সঙ্গে এটি তাঁর প্রথম কাজ উল্লেখ করে সিদ্ধার্থ জানান, এতে ভারতের নিজস্ব লোককথার খুব সুন্দর মিশ্রণ রয়েছে।
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া নির্মাতা দীপক কুমার মিশ্র ছবিটির পরিচালনা করেছেন। বালাজি টেলিফিল্মসের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর ও একতা কাপুর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত এই সিনেমাটি।