শনিবারও ব্যাংক খোলা, লেনদেন কত ঘণ্টা?

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
শনিবারও ব্যাংক খোলা, লেনদেন কত ঘণ্টা?
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটির আগে অতিরিক্ত কার্যদিবস সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবারও (২৩ মে) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। একই সঙ্গে আগামীকাল রোববার হবে ঈদের আগের শেষ কার্যদিবস। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ ও আগামীকাল দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন করতে পারবেন এবং আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং আমদানি-রপ্তানি সচল রাখার সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। এই দুই দিন ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও আরটিজিএসের কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে বলা হয়েছে।

মন্তব্য করুন