রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
অনলাইন ডেস্ক: রাজধানীর কদমতলী এলাকায় ইলেকট্রিক কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিপন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
নিহত রিপন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আশারকোটা গ্রামের বাসিন্দা মো. রহমানের ছেলে। তিনি রাজধানীর শনির আখড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কদমতলীর জাপানি বাজার ৫ নম্বর গলির বাবু মিয়ার একতলা টিনশেড বাসায় ইলেকট্রিক মেরামতের কাজ করছিলেন রিপন। কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
নিহতের সহকর্মী মনির জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন অচেতন হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।