গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ ৭০
মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকার সাততলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত পোশাক কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিষাক্ত ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি, কোনাবাড়ির ১টি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানার ভেতরে আটকা পড়া ও ধোঁয়ায় অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে পাঠায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং আশপাশে পর্যাপ্ত পানির উৎস (পুকুর/জলাশয়) না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনাত বেগ পেতে হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও সূত্রের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
এআইএল/সকালবেলা