মৌলভীবাজারে ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির সঙ্গে যুক্ত অভিযুক্ত ব্যক্তি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের ছোট ভাই মনাই মিয়া (৬৫)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রের সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে হকারের কাছ থেকে চুড়ি কেনার সময় শিশুটিকে ফুসলিয়ে নিজ বসতঘরে নিয়ে যান অভিযুক্ত মনাই মিয়া। এ সময় শিশুটির চিৎকারে তার মা ও নানা ছুটে এসে তাকে উদ্ধার করেন। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৌশলে পালিয়ে যান।
পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি রেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
তবে অভিযোগ উঠেছে, ঘটনা জানাজানি হলে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন। তাঁর হুমকির মুখে পরিবারটি শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায়। প্রভাবশালী পরিবারের চাপে নিরীহ পরিবারটি কোনো আইনি সহায়তা নিতে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে কথা বলতে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে থানা পুলিশ আগে অবগত ছিল না। তবে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা