আখতারুজ্জামানকে জামায়াতের নতুন আমির করার দাবি রাশেদের

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ
আখতারুজ্জামানকে জামায়াতের নতুন আমির করার দাবি রাশেদের

ডেস্ক রিপোর্ট: সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির বানানোর ব্যঙ্গাত্মক দাবি জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘জাগ্রত শ্রাবণ’ নামের একটি পেজের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি বিতর্কিত টকশোর ভিডিও ক্লিপ শেয়ার করেন রাশেদ খান।

উক্ত ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি উপহাসমূলকভাবে লেখেন, ‘জুলাই গাদ্দার মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতের নতুন আমির করার দাবি জানাই!’

রাশেদ খানের শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের 'রাজাকার' আখ্যা দিয়েছিলেন আখতারুজ্জামান। টকশোতে উপস্থাপক তাকে সরাসরি প্রশ্ন করেন— "যারা আন্দোলন করছে এরা সবাই কি রাজাকারের সন্তান?" জবাবে আখতারুজ্জামান দায়িত্ব নিয়ে দাবি করেছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা শতভাগ মুক্তিযুদ্ধবিরোধী ও রাজাকারের সন্তান। এমনকি রাশেদ খানকেও তিনি প্রকাশ্যে রাজাকারের সন্তান বলে উল্লেখ করেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধার সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ডণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের চাপ সামলাতে গিয়ে ৮ নম্বর লাগেজ বেল্টে ট্রলি সংকট দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে দায়িত্বরত উর্ধ্বতন কর্মকর্তারা এগিয়ে গেলে তাঁদের দিকে তেড়ে যান আখতারুজ্জামান। তিনি একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রটোকল কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজারকে গায়ে হাত তোলেন এবং হুমকি দেন। এ সময় যাত্রীদের জন্য রাখা জমজমের পানির বোতল ফেলে ক্ষয়ক্ষতি করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এআইএল/সকালবেলা