বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী মিনু
বিশেষ প্রতিবেদক: ভারতের শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, বাংলার মাটিতে তাঁদের কোনো ঠাঁই হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর ওলামা দল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম ও আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা রাজনীতি পরিচালনা করতে চায়, তারা শয়তানের অনুচর।’ তিনি কটাক্ষ করে বলেন, যাদের রাজনৈতিক হেডকোয়ার্টার দিল্লিতে, তাঁদের সেখানেই চলে যাওয়া উচিত।
মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, মুসলমানদের বিভক্ত করার লক্ষ্যেই এই মতবাদের উন্মেষ ঘটানো হয়েছিল, তাই এই মাটিতে এর কোনো স্থান হতে পারে না।
আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন আসন্ন। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীদের বিজয়ী করার দিকনির্দেশনা দেন।
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এআইএল/সকালবেলা