শ্রদ্ধা ও ভালোবাসায় শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়
বি. এম. হানিফ, কালকিনি ও ডাসার প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের সফল পাট চুকিয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিদায় নিলেন মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিত কুমার মজুমদার।
গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ শিক্ষকতাজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এই গুণী শিক্ষকের বিদায়লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক সুনিত কুমার মজুমদারের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দূরদর্শী নেতৃত্ব এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে বিদ্যালয় পরিবার ও অতিথিদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।
বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে সুনিত কুমার মজুমদার বলেন, “প্রতিষ্ঠানের বাহ্যিক অবকাঠামোর চেয়ে আমার আত্মা মিশে রয়েছে প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সাফল্যে। প্রশাসনিক কর্মজীবন শেষ হলেও এই পবিত্র বিদ্যাপীঠ এবং এর প্রতিটি ধূলিকণা চিরকাল আমার হৃদয়ে অমলিন থাকবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁদের প্রিয় অভিভাবকতুল্য প্রধান শিক্ষককে আনুষ্ঠানিক বিদায় জানান।